বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান বোর্ডের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তুলেছেন সংস্থাটির পরিচালক ও সিসিডিএম কমিটির চেয়ারম্যান আদনান রহমান দিপন। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপে তিনি দাবি করেছেন, নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডের ১৫ বছরে যত দুর্নীতি হয়েছে, তার সমপরিমাণ দুর্নীতি বর্তমান বোর্ডে হয়েছে মাত্র ছয় মাসেই।
ক্লাব কোটায় বিতর্কিত নির্বাচনের মাধ্যমে বিসিবির পরিচালক হওয়া আদনান রহমান দিপন বলেন, একজন বোর্ড পরিচালক হিসেবে তিনি শতভাগ নিশ্চিতভাবেই এই অভিযোগ করছেন। তার ভাষায়, বোর্ডের ভেতরে না ঢুকলে এত ব্যাপক দুর্নীতির বিষয়টি বিশ্বাস করাই সম্ভব ছিল না। অনেক বিষয় তাদের ধারণারও বাইরে ছিল বলে মন্তব্য করেন তিনি।
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর বিসিবির দায়িত্ব দেওয়া হয় সাবেক ক্রিকেটার ফারুক আহমেদকে। প্রায় নয় মাস পর বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি করা হয়। এই বোর্ডে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফারুক আহমেদ। অভিযোগ রয়েছে, বুলবুল ও ফারুকের নেতৃত্বে সদ্য পদত্যাগ করা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সহায়তায় বিসিবিতে দুর্নীতির মহোৎসব চলছে।
সম্প্রতি বিসিবির নির্মাণাধীন পূর্বাচল স্টেডিয়ামের পিচ তৈরির জন্য আনা প্রায় ৩০ কোটি টাকার মাটি দিনের আলোতেই চুরি হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ওই মাটির কোনো হদিস দিতে পারেনি বিসিবি। একইভাবে দেশের অন্যান্য স্টেডিয়ামেও মাটি লাপাত্তার অভিযোগ রয়েছে।
এর পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরেও একের পর এক অনিয়মের খবর সামনে আসছে। গত বছর দেশের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত বিপিএল আয়োজন করা হয় বলে অভিযোগ ওঠে। দেশি ও বিদেশি বহু ক্রিকেটার পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ করেন, এমনকি ম্যাচ ফিক্সিং নিয়েও আলোচনা হয়। চলতি মৌসুমের বিপিএল আয়োজন নিয়েও শুরু থেকেই বিতর্ক চলছে। বিতর্কিত ব্যক্তিদের ফ্র্যাঞ্চাইজি মালিক হওয়া এবং সন্দেহভাজনদের আনাগোনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এ অবস্থায় দেশের তৃণমূল ক্লাব ক্রিকেট কার্যত স্থবির হয়ে পড়েছে। ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগে ২০টি ক্লাবের পরিবর্তে মাত্র ১২টি ক্লাব নিয়ে দায়সারাভাবে আয়োজন করা হচ্ছে। ঢাকা প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
এই প্রেক্ষাপটে বিসিবিরই একজন পরিচালক প্রকাশ্যে বোর্ডের দুর্নীতির অভিযোগ তোলায় বিষয়টি ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।