সাম্প্রতিক :
১৭ বছর পর লন্ডন থেকে এক মুফতি এসেছে দেশে, তারেক রহমানকে নিয়ে জামায়াত প্রার্থীর কটাক্ষ ছেলে ১০ দলীয় জোটের প্রার্থী, বাবা মাঠে ধানের শীষে বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ‘লস’ হবে ৩৩০ কোটি টাকা! জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্ক অশনিসংকেত: ফরহাদ মজহার এবার সংসদ নির্বাচনে লড়ছেন ১৯৮১ প্রার্থী পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আর্জি বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিতে ভারতের সিদ্ধান্তে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের ছুটি পাবেন না যেসব সরকারি চাকরিজীবী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন সাখাওয়াত টিপু

অনলাইনে হরেদরে নকল বই, কাটতিও চড়া

  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

জনপ্রিয় বই প্রকাশের সঙ্গে সঙ্গেই নকল সংস্করণ বাজারে চলে আসছে—আর তার বড় ক্ষেত্র হয়ে উঠেছে ফেসবুক। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আধুনিক গবেষণা ও কথাসাহিত্য—সবই মিলছে অর্ধেক দামে। এতে ফুলেফেঁপে উঠছে একটি অসাধু চক্র, আর বড় ক্ষতির মুখে পড়ছেন লেখক ও প্রকাশকরা।

সম্প্রতি আকবর আলি খানের লেখা ‘অবাক বাংলাদেশ: বিচিত্র ছলনাজালে রাজনীতি’ বইটি এর বড় উদাহরণ। প্রথমা প্রকাশনী থেকে প্রকাশিত বইটির গায়ের দাম ৮৫০ টাকা হলেও ফেসবুকের বিভিন্ন পেজে তা অর্ধেক দামে বিক্রি হচ্ছে। কাগজ, ছাপা কিংবা বাঁধাইয়ের মান যাই হোক না কেন—কম দামে বই পেয়ে পাঠকেরাও বিভ্রান্ত হয়ে কিনছেন।

সংশ্লিষ্টরা বলছেন, প্রকাশনা জগতের অন্যতম বড় আতঙ্ক এখন বই পাইরেসি। বাজারে কোনো বই জনপ্রিয় হলেই অসাধু চক্র সেটি ফটোকপি বা স্ক্যান করে নিম্নমানের কাগজে ছেপে সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রি শুরু করে। এতে লেখক কোনো রয়্যালটি পান না, আর প্রকাশকরা লাখ টাকা বিনিয়োগ করেও ক্ষতির মুখে পড়েন। আইনি সহায়তা চাইলেও কার্যকর প্রতিকার মিলছে না।

‘প্রজ্ঞা’ নামে একটি ফেসবুক পেজের বিরুদ্ধে এমন অভিযোগ দীর্ঘদিনের। পেজটি নিয়মিত নামিদামি প্রকাশনীর বই গায়ের মূল্যের অর্ধেক বা তারও কম দামে বিক্রি করছে। প্রথমা প্রকাশনীর মহিউদ্দিন আহমদের লেখা ‘প্রতিনায়ক সিরাজুল আলম খান’ বইটির দাম ৮৮০ টাকা হলেও প্রজ্ঞাতে তা মিলছে ৪৪০ টাকায়। একই লেখকের ‘লালসন্ত্রাস: সিরাজ সিকদার ও সর্বহারা রাজনীতি’ বইটির দাম ৮০০ টাকা, সেখানে প্রজ্ঞা বিক্রি করছে ৪০০ টাকায়।

শুধু একক বই নয়, বহু খণ্ডের সেটও নকল করা হচ্ছে। বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত বদরুদ্দীন উমরের ‘পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ (তিন খণ্ড) এবং ‘বাংলাদেশের অভ্যুদয়’ (দুই খণ্ড)—এই দুই সেটের মোট দাম ৫ হাজার ১০০ টাকা হলেও প্রজ্ঞা বিক্রি করছে মাত্র ২ হাজার ৬০০ টাকায়।

নকলের তালিকায় রয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমদও। ‘বাদশাহ নামদার’, ‘বহুব্রীহি’, ‘মধ্যাহ্ন’, ‘শুভ্র’ ও ‘কবি’—এই পাঁচটি বইয়ের প্যাকেজ প্রজ্ঞা দিচ্ছে মাত্র ১ হাজার টাকায়, যেখানে আসল বইগুলোর মোট দাম প্রায় ২ হাজার ৪৫০ টাকা।

প্রথমা প্রকাশনীর এক কর্মকর্তা জানান, মান বজায় রেখে এত কম দামে বই বিক্রি করা কোনোভাবেই সম্ভব নয়। প্রথমা ডটকমের ইনচার্জ রাসেল রায়হান বলেন, বিশেষ ক্যাম্পেইন ছাড়া নিজেদের বই সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ে বিক্রি করা যায়। অথচ কিছু পেজ ৫০ থেকে ৬০ শতাংশ ছাড় দিচ্ছে, যা স্পষ্টভাবে পাইরেসির ইঙ্গিত।

তিনি বলেন, এসব নকল বই নিম্নমানের কাগজ ও দুর্বল বাঁধাইয়ে ছাপা হয়। এতে পাঠক প্রতারিত হন এবং লেখক ও প্রকাশকরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হন। একটি বই কিনে সেটি স্ক্যান করে ছাপানোই এই চক্রের মূল কৌশল।

এই বিষয়ে আইনগত পদক্ষেপ নিলেও ফল মেলেনি। বাতিঘর প্রকাশনীর স্বত্বাধিকারী দীপংকর দাশ গত বছরের ৯ জুলাই নিউমার্কেট থানায় ‘প্রজ্ঞা’ পেজের বিরুদ্ধে জিডি করলেও দেড় বছরেও তদন্তে অগ্রগতি হয়নি। পুলিশ বলছে, পেজের নির্দিষ্ট লিংক না পাওয়ায় ব্যবস্থা নেওয়া যায়নি।

লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ বই পাইরেসিকে ওষুধে ভেজালের মতোই গুরুতর অপরাধ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, সরকারের উচিত কপিরাইট আইন কঠোরভাবে প্রয়োগ করা, না হলে লেখক ও প্রকাশকরা টিকে থাকতে পারবেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, ‘প্রজ্ঞা’ পেজটি চালান আপন নামের একজন ব্যক্তি। তাঁর বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশে কপিরাইট আইন অনুযায়ী, মৌলিক সৃষ্টিকর্ম বিনা অনুমতিতে পুনর্মুদ্রণ বা বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। এই আইনে সর্বোচ্চ চার বছর কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। তবু বাস্তবে আইন প্রয়োগের দুর্বলতায় বই পাইরেসির মতো অপরাধ দিন দিন বেড়েই চলেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com