বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭—এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপির অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনের পরিবর্তে ভোলা-১ আসন থেকে নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন। এ সিদ্ধান্তের ফলে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তারেক রহমানের নির্বাচন নিশ্চিত হলো।
এর আগে গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলে দলীয়ভাবে জানানো হয়েছিল, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসন থেকে নির্বাচন করবেন। পরবর্তীতে দলের সিদ্ধান্ত অনুযায়ী এবার বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রার্থী হওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়।
ঢাকা-১৭ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকা নিয়ে গঠিত। এই আসনের আওতায় গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একটি অংশ রয়েছে।
জানা গেছে, আন্দালিব রহমান পার্থ ইতোমধ্যে ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে তিনি ঢাকা-১৭ আসনে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং ওই এলাকায় তার পক্ষে ব্যানার ও পোস্টারও লাগানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি নিজের জন্মস্থান ভোলা থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।