ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করার ঘোষণা দিয়েছেন তিনি।
মনোনয়ন বাতিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাসনিম জারা বলেন, তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু তা গ্রহণ করা হয়নি। ইতোমধ্যে তিনি আপিল প্রক্রিয়া শুরু করেছেন বলে জানান।
ইসি কেন তার মনোনয়নপত্র বাতিল করেছে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়ে তাসনিম জারা বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুযায়ী মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। তিনি দাবি করেন, নির্ধারিত সংখ্যার চেয়েও বেশি স্বাক্ষর জমা দেওয়া হয়েছিল। সেখান থেকে দৈবচয়নের মাধ্যমে ১০ জন ভোটারের তথ্য যাচাই করা হয়। যাচাইয়ে ৮ জনের তথ্য সঠিক পাওয়া গেলেও ২ জনকে অন্য এলাকার ভোটার হিসেবে শনাক্ত করা হয়।
তিনি আরও বলেন, ওই দুইজনের একজন জানতেনই না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। আরেকজনের কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের হার্ড কপিতে ঠিকানা অনুযায়ী তিনি নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার মনে করতেন। তবে নির্বাচন কমিশনের ডাটাবেজে তার ভোটার তথ্য অন্য আসনের বলে দেখা গেছে।
এর আগে গত ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমরা পেরেছি (We have made it)’।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর ফেসবুকে দেওয়া এক ঘোষণায় তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান। ওই পোস্টে তিনি খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর উদ্দেশে লেখেন, তিনি এই এলাকারই সন্তান এবং এখানেই তার জন্ম ও বেড়ে ওঠা। তার স্বপ্ন ছিল কোনো রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের সেবা করা। তবে বাস্তব পরিস্থিতির কারণে তিনি কোনো দল বা জোটের প্রার্থী না হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন তাসনিম জারা, যার পরপরই তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।