বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবারই ভালো সম্পর্ক রয়েছে এবং নির্বাচন আয়োজন নিয়ে কোনো ধরনের বিদেশি চাপ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার মুন্সিগঞ্জে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন আয়োজনের উদ্যোগ সম্পূর্ণভাবে বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত। সরকার নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। এ কারণে নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপের প্রশ্নই ওঠে না। অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কী পরিমাণ সম্পর্ক রাখবে, সেটি তাদের নিজস্ব বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গে মো. তৌহিদ হোসেন বলেন, বিচার প্রক্রিয়ায় তাড়াহুড়ো করার সুযোগ নেই। হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে। জড়িতরা ভারতে অবস্থান করছে বলে ধারণা থাকলেও তারা ঠিক কোথায় আছে—সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। নির্দিষ্ট তথ্য পাওয়া গেলে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে তাদের গ্রেপ্তারের অনুরোধ জানানো হবে।
তিনি আরও বলেন, বিচার কোনো নির্দিষ্ট সময় বেঁধে সম্পন্ন করা যায় না। তবে সরকার সার্বিকভাবে চেষ্টা করবে, যাতে আসামিদের যত দ্রুত সম্ভব বিচারের আওতায় আনা যায়।