সহপাঠী হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ফার্মগেট মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।
রবিবার (সপ্তাহের প্রথম কর্মদিবস) সকাল থেকে এই অবরোধের কারণে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে কয়েকশ শিক্ষার্থী ফার্মগেট মোড় ও আশপাশের সড়কে অবস্থান নেন। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে সড়কে বসে পড়েন। ফলে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধের প্রভাব ফার্মগেট ছাড়াও কারওয়ান বাজার, তেজগাঁও, পান্থপথসহ আশপাশের সড়কগুলোতে ছড়িয়ে পড়ে। দীর্ঘ যানজটে স্থবির হয়ে পড়ে পুরো এলাকা।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈনু জানান, সহপাঠী হত্যার ঘটনার বিচারের দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।