বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনের আলোচিত প্রার্থী এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য সমর্থকদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।
এর আগে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা একইভাবে নির্বাচনী ব্যয়ের জন্য সমর্থকদের সহযোগিতা আহ্বান করেছিলেন। ফলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে, ডা. তাসনিম জারার দেখানো পথেই এবার হাঁটলেন ব্যারিস্টার ফুয়াদ।
নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়ে রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে ৪৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন ব্যারিস্টার ফুয়াদ। ওই পোস্টে তিনি তার ব্যক্তিগত বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেন।
ফেসবুক পোস্টের শিরোনামে তিনি লেখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, পাঁচটি বড় নদীঘেরা প্রত্যন্ত ও প্রান্তিক বরিশাল-৩ আসনে নির্বাচনী প্রচারণার ব্যয় মেটাতে সমর্থকদের দোয়া ও আর্থিক সহায়তা জরুরি। তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে শহীদদের আদর্শে ইনসাফ ও আজাদির লড়াই চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন।
পোস্টে আরও বলা হয়, যারা জনতার টাকায় জনমুখী রাজনীতিতে সহায়তা করতে আগ্রহী, তাদের জন্য ব্যাংক হিসাব নম্বরসহ নগদ ও বিকাশ নম্বর উন্মুক্ত রাখা হয়েছে।
ভিডিও বার্তায় ব্যারিস্টার ফুয়াদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তিনি এবি পার্টির প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে বরিশাল-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জানান, ব্যক্তিগত আর্থিক সামর্থ্য দিয়ে পুরো নির্বাচনী ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব নয়। এ কারণে অনলাইন ও অফলাইনে থাকা সমর্থকদের কাছে বিনীতভাবে সহযোগিতার আবেদন জানান তিনি।
তিনি আরও আশ্বাস দেন, নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া অর্থ কোথায় ও কীভাবে ব্যয় করা হচ্ছে, তার পূর্ণ হিসাব নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে। ভিডিও বার্তার শেষাংশে সবার প্রতি কৃতজ্ঞতা জানান ব্যারিস্টার ফুয়াদ।