ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ২৬ দেশ ও ৭ আন্তর্জাতিক সংস্থাকে ইসির আমন্ত্রণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ২৬টি দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমন্ত্রিত দেশ ও আন্তর্জাতিক সংস্থার মোট ৮৩ জন প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিতে পারবেন। এ ছাড়া স্বপ্রণোদিত হয়ে যেসব বিদেশি পর্যবেক্ষক বা আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণে আসতে চান, তাদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। অন্যদিকে, ইসির আমন্ত্রণপ্রাপ্তদের ১৭ জানুয়ারির মধ্যে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

আমন্ত্রিত দেশগুলোর তালিকায় রয়েছে— অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, ফিলিপাইন, রোমানিয়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, উজবেকিস্তান, তুরস্ক, ভুটান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত ও মালদ্বীপ।

এ ছাড়া আন্তর্জাতিক সংস্থার মধ্যে রয়েছে— সার্ক, কমনওয়েলথ, ওআইসি, অ্যানফ্রেল, এ-ওয়েব, আইআরআই ও এনডিআই।

ইসি সূত্রে জানা গেছে, আমন্ত্রিত দেশগুলোর নির্বাচন কমিশন প্রধান ও প্রতিনিধিদের ক্ষেত্রে বিমান ভাড়া ছাড়া অন্যান্য সব খরচ নির্বাচন কমিশন বহন করবে। তাদের জন্য পাঁচ তারকা হোটেলে থাকার ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিদেশি পর্যবেক্ষকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও আলাদা তথ্যকেন্দ্র স্থাপন করা হবে।

নির্বাচন কমিশনের মতে, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *