জাপানের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশটির আবহাওয়া বিভাগের বরাতে জানা গেছে, পশ্চিমাঞ্চলের চুগোকু অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল শিমানে প্রিফেকচারে। মূল কম্পনের পরপরই ওই এলাকায় একাধিক আফটারশকও অনুভূত হয়েছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, এই ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একটি রুটে বুলেট ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। বৈশ্বিকভাবে ৬ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় পাঁচ ভাগের এক ভাগই জাপানে সংঘটিত হয়ে থাকে।