বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক এ কথা জানান।
ব্রিফিংয়ে তিনি বলেন, জাতিসংঘ সাধারণত নিজ উদ্যোগে কোনো দেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। এ ধরনের সিদ্ধান্ত কেবল জাতিসংঘ সাধারণ পরিষদ অথবা নিরাপত্তা পরিষদের নির্দিষ্ট ম্যান্ডেট থাকলেই গ্রহণ করা হয়। বর্তমানে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ জাতিসংঘের কাজের আওতায় নেই বলেও তিনি স্পষ্ট করেন।
তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কি না—সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান স্তেফান দুজারিক। তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন প্রক্রিয়ায় জাতিসংঘ নিয়মিতভাবে কারিগরি সহায়তা দিয়ে থাকে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার প্রসঙ্গও উঠে আসে। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তনকে জাতিসংঘ কীভাবে দেখছে—এমন প্রশ্নের জবাবে দুজারিক বলেন, তিনি কোনো সংবাদ বা রাজনৈতিক ঘটনার মূল্যায়ন করেন না। সংবাদ বিশ্লেষণের দায়িত্ব সাংবাদিকদের ওপর ন্যস্ত বলেও মন্তব্য করেন তিনি।
তবে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের জনগণ যেন তাদের রাজনৈতিক মতামত অবাধে প্রকাশ করতে পারে—এমন গণতান্ত্রিক প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করে যাবে।
এ সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে জাতিসংঘের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে স্তেফান দুজারিক জানান, তার মৃত্যুতে জাতিসংঘ মরহুমার পরিবারের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।