আজ শুক্রবার, ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ ২০২৬)। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন। এ বছর ঢাকার একাধিক ভেন্যুতে একযোগে উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে।
উৎসবের প্রদর্শনী ভেন্যুগুলোর মধ্যে রয়েছে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। এবারের উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের মোট ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।
এ বছর স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ উৎসবটির অফিশিয়াল ভেন্যু পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। স্টামফোর্ড ইউনিভার্সিটি অডিটোরিয়ামে ১০ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১১টা, দুপুর ১টা, বিকেল ৩টা ও সন্ধ্যা ৫টায় চারটি করে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এসব প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত এবং প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।
চলচ্চিত্র প্রদর্শনী শুরুর আগে শনিবার (১০ জানুয়ারি) স্টামফোর্ড ইউনিভার্সিটি অডিটোরিয়ামে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জিয়াউল হাসান, রেজিস্ট্রার মুহাম্মদ আবদুল মতিন, ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মতিন রহমান, সহকারী অধ্যাপক ফেরদৌস আলম সিদ্দিকী, ডিরেক্টর ফিন্যান্স মো. মোতাহের হোসেন, জনসংযোগ বিভাগের প্রধান প্রদীপ্ত মোবারকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল উদ্বোধনী অনুষ্ঠান শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উৎসবের প্রথম দিন ১০ জানুয়ারি স্টামফোর্ড ইউনিভার্সিটি অডিটোরিয়ামে চারটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। দ্বিতীয় দিন ১১ জানুয়ারি আরও চারটি চলচ্চিত্র প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।
রেইনবো ফিল্ম সোসাইটি ১৯৭৭ সাল থেকে নিয়মিতভাবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করে আসছে। দীর্ঘদিন ধরে এই উৎসব বাংলাদেশে বিশ্বমানের চলচ্চিত্রচর্চা, সৃজনশীলতা এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
এবারের উৎসবে এশিয়ান কম্পিটিশন, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ প্যানোরামা, উইমেন ফিল্মমেকারস, স্পিরিচুয়াল ফিল্মস, চিলড্রেনস ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্মস, রেট্রোস্পেকটিভ ও স্পেশাল স্ক্রিনিং—এই নয়টি বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। নয় দিনব্যাপী এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে আগামী ১৮ জানুয়ারি ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে।