বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে স্টল বরাদ্দের আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি থেকে এ আবেদনপ্রক্রিয়া শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো অনলাইনে www.ba21bookfair.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবে। শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলা একাডেমির সচিব ও অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব পুরনো প্রকাশনা প্রতিষ্ঠান ২০২৫ সালের বইমেলায় অংশ নিয়েছিল এবং আগের মতো একই আকারের (১, ২, ৩ ও ৪ ইউনিটের স্টল বা প্যাভিলিয়ন) স্টল পেতে আগ্রহী, তারা ১৮ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, লেখকের সঙ্গে সম্পাদিত সর্বশেষ চুক্তিপত্রের প্রথম ও শেষ পাতা, লেখককে দেওয়া সম্মানীর সাম্প্রতিক প্রমাণক, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে গ্রন্থ জমা দেওয়ার রসিদ বা প্রত্যয়নপত্র এবং অগ্নি ও সাইক্লোন বীমার প্রমাণক আপলোড করতে হবে।
অন্যদিকে নতুন প্রকাশনা প্রতিষ্ঠান অথবা যেসব প্রতিষ্ঠান আগের আকারের তুলনায় বড় স্টল বা প্যাভিলিয়ন পেতে আগ্রহী, তারা বাংলা একাডেমি থেকে তথ্য ফরম বা আবেদনপত্র সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকাশিত কমপক্ষে ৩০টি মানসম্মত বই আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদন গ্রহণ করা হবে ২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত (ছুটির দিনসহ) প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে।
আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের নিচতলার অভ্যর্থনাকক্ষ থেকে। বইয়ের মান এবং জমা দেওয়া কাগজপত্র যাচাই-বাছাই শেষে স্টল বরাদ্দের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অমর একুশে বইমেলা পরিচালনা কমিটি। যেসব প্রতিষ্ঠান অনলাইনে আবেদন করতে পারবে না, তারা সরাসরি আবেদন জমা দেওয়ার সুযোগ পাবে।
অনলাইন ও সরাসরি পাওয়া সব আবেদন যাচাই শেষে অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটি ৩১ জানুয়ারি অনলাইনে স্টল বরাদ্দের তালিকা প্রকাশ করবে। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে ১ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত স্টল ভাড়া অগ্রণী ব্যাংক পিএলসির যেকোনো শাখায় জমা দিয়ে রসিদ অনলাইনে আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া জমা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান লটারির তালিকার বাইরে থাকবে।