বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার দিনই জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরানোর প্রসঙ্গ সামনে আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিসিবি জানায়, সাকিব ফিট থাকলে এখন থেকে জাতীয় দলের জন্য তাকে নির্বাচক কমিটি বিবেচনায় নেবে। বোর্ডের এমন বক্তব্য ক্রিকেটাঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দেয়।
অনেকের মতে, বিশ্বকাপ থেকে বাদ পড়ার ইস্যু আড়াল করতেই বিসিবি সাকিবকে সামনে এনে আলোচনার গতিপথ ঘোরানোর চেষ্টা করেছে। তবে এর মধ্যেই মাগুরায় সাকিব আল হাসানের বাড়িকে ঘিরে একটি ঘটনা নতুন করে কৌতূহল তৈরি করেছে।
গতকাল সোমবার মাগুরা শহরের সাহা পাড়ায় সাকিব আল হাসানের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির প্রধান গেট মেরামতের কাজ চলছে। একই সঙ্গে বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। এই দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—তবে কি দেশে ফিরছেন সাকিব আল হাসান?
বাড়িতে কাজ করা ওয়েল্ডিং মিস্ত্রি মাসুদ বলেন, তিনি শুনেছেন সাকিব আল হাসান আসতে পারেন বলেই বাড়ির প্রধান গেটের মেরামতের কাজ করা হচ্ছে। তার এমন বক্তব্যে স্থানীয় সাকিব ভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন পর হয়তো দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই তারকা অলরাউন্ডার।
যদিও সাকিব আল হাসান বর্তমানে জাতীয় দলের বাইরে থাকলেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন। তার দেশে ফেরা কিংবা মাগুরায় আসার বিষয়ে নিশ্চিত হতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশে ফেরেননি মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। দেশের বাইরে থাকলেও জাতীয় দল ও ক্রিকেটাঙ্গনজুড়ে তাকে ঘিরে আলোচনা যেন থামছেই না।