বিশ্বের ‘সবচেয়ে বাজে’ লিগের স্বীকৃতি পেল বিপিএল

  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে এক সময় দেওয়া ‘আইপিএল ও বিগব্যাশের পর সেরা লিগ’ মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। বাস্তবতা হলো, তখনই শীর্ষ লিগগুলোর ধারেকাছেও ছিল না বিপিএল। সময়ের সঙ্গে উন্নতির বদলে বিপিএলের মান আরও নেমেছে, আর এবার সেই অবনতিরই কঠোর স্বীকৃতি মিলল আন্তর্জাতিক পরিসরে।

আইসিসি স্বীকৃত বিশ্বের ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অবস্থান এখন একেবারে তলানিতে। ব্রিটিশ ক্রিকেটবিষয়ক ম্যাগাজিন ‘দ্য ক্রিকেটার’-এর সাম্প্রতিক এক পর্যালোচনায় বিপিএলকে দশম, অর্থাৎ সর্বশেষ স্থানে রাখা হয়েছে। এতে বিশ্বের সবচেয়ে বাজে ফ্র্যাঞ্চাইজি লিগের তকমা পেয়েছে বাংলাদেশের একমাত্র এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।

বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে যাত্রা শুরু করলেও বিপিএল আজও প্রত্যাশিত জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে খেলার মান, ব্যবস্থাপনা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আরও বেড়েছে। নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে বিপিএল বারবার নেতিবাচক আলোচনায় এসেছে, যার প্রতিফলন দেখা গেল দ্য ক্রিকেটারের এই র‌্যাংকিংয়ে।

চারটি মানদণ্ডের ভিত্তিতে এই র‌্যাংকিং প্রস্তুত করেছে দ্য ক্রিকেটার। মানদণ্ডগুলো হলো বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক অবস্থান। এই চারটির মধ্যে তিনটি বিভাগেই বিপিএলের অবস্থান দশম। কেবল গ্রহণযোগ্যতা বা স্থায়িত্বের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি রয়েছে দশম স্থানে, যেখানে বিপিএল অবস্থান করেছে নবমে।

দ্য ক্রিকেটারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণেই কম রেটিং পেয়েছে শ্রীলঙ্কার লংকান প্রিমিয়ার লিগ (এলপিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তাদের ভাষ্য অনুযায়ী, সবচেয়ে নিচে থাকা এই দুটি টুর্নামেন্ট দীর্ঘদিন ধরেই আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জর্জরিত, যা লিগগুলোর ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com