সাম্প্রতিক :
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে হামের টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জাপানে ন্যাপথা-জাত পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যাবে: তাকাইচি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী আসাদুজ্জামান এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ, শ্রমিকদের অবদানে শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের অঙ্গীকার ঢাকা বার নির্বাচন : ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট

পদ ছাড়লেও সরকারি বাসায় সাবেক ছাত্র উপদেষ্টারা

  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

প্রায় দুই মাস আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। এর এক মাস পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদ থেকে পদত্যাগ করেন সাবেক আইজিপি খোদা বখশ চৌধুরী। তবে পদত্যাগের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা মন্ত্রিপাড়ায় বরাদ্দ পাওয়া সরকারি বাসভবন এখনো ছাড়েননি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে তারা কবে সরকারি বাসা বুঝিয়ে দেবেন—এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেছেন। একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি নীতিনির্ধারণী পর্যায়ের বিষয়, সংশ্লিষ্ট ব্যক্তিরাই এ বিষয়ে ভালো জানেন। পদত্যাগ করা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

সূত্র জানায়, সরকারি বাসভবনে থেকেই তারা বর্তমানে নিজেদের রাজনৈতিক ও ব্যক্তিগত কার্যক্রম পরিচালনা করছেন। সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হেয়ার রোডের ‘ছায়াবীথি-৬’ নম্বর ডুপ্লেক্স বাংলোতে বসবাস করছেন। পদত্যাগের পর তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন এবং বর্তমানে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, তিনি মন্ত্রীদের জন্য বরাদ্দকৃত বাসভবন থেকেই রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

অন্য ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম থাকছেন ‘ছায়াবীথি-৩’ নম্বর ডুপ্লেক্স বাংলোতে। আর খোদা বখশ চৌধুরী বসবাস করছেন ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট-৩’-এ। সরকারি আবাসন পরিদপ্তরের বিদ্যমান নীতিমালায় মন্ত্রী বা উপদেষ্টারা পদত্যাগের পর কত দিনের মধ্যে সরকারি বাসভবন ছাড়বেন—সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ নেই।

সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে অবসর গ্রহণের পর দুই মাস পর্যন্ত সরকারি বাসভবনে থাকার সুযোগ রয়েছে। সন্তানরা শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকলে এই সময় আরও চার মাস বাড়ানো যায়। বদলির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তবে মন্ত্রী বা উপদেষ্টাদের বিষয়ে নীতিমালায় কোনো স্পষ্ট নির্দেশনা নেই। এ বিষয়ে মন্ত্রণালয় যে নির্দেশনা দেবে, সেটিই অনুসরণ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগপত্র কার্যকর হবে। পরে ২৪ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে খোদা বখশ চৌধুরীর পদত্যাগের বিষয়টি জানানো হয়।

জনপ্রশাসন বিশেষজ্ঞ এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, অতীতে পদত্যাগের পর রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পরিত্যাগের নজির রয়েছে। ১৯৭৮ সালে জিয়াউর রহমানের মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর কাজী জাফর আহমদ বঙ্গভবন ও সরকারি গাড়ি ব্যবহার করেননি। তার মতে, পদে না থেকেও সেই পদের সুযোগ-সুবিধা ভোগ করা অনুচিত এবং রাজনীতিবিদদের এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com