উদ্বোধনের আগেই গাজীপুরে নতুন নির্মিত একটি সড়ক ধসে পড়ার ঘটনায় অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম অভিযানটি পরিচালনা করে।
দুদক সূত্রে জানা গেছে, সড়কটি অন্তর্বর্তী সরকারের সময়ে বাস্তবায়ন করা হয়েছিল। অভিযানকালে টিমের সদস্যরা সরেজমিনে সড়কটি পরিদর্শন করে নির্মাণকাজে ত্রুটি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পান। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানায়, প্রথমে সংশ্লিষ্ট সড়কের নথিপত্র গাজীপুর সিটি করপোরেশন থেকে সংগ্রহ করা হয়। পরে প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলীর কাছ থেকেও প্রকল্প–সংক্রান্ত কাগজপত্র নেওয়া হয়। নথিপত্র যাচাই করে প্রাথমিকভাবে অনিয়মের বিষয়টি উঠে এসেছে, যা সড়কটির নাজুক অবস্থার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
সংগৃহীত নথি পর্যালোচনা শেষে দুদক কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণেই সড়কটি উদ্বোধনের আগেই ধসে পড়েছে।