হুমকির মুখে নতি স্বীকার করে আমাকে সরানো হয়েছে: অধ্যাপক রেজওয়ানা করিম
নিজস্ব প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদ থেকে অব্যাহতি পাওয়ার পর মুখ খুলেছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা। রোকেয়া কালেকটিভকে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, “ছাত্রশিবির ও ছাত্র শক্তির চাপের মুখে এবং ক্যাম্পাস অস্থিতিশীল করার হুমকির কাছে নতি স্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে সরিয়ে দিয়েছে।”
তাঁর অভিযোগ, গত মার্চ মাস থেকে ছাত্রশিবির, জাতীয় ছাত্র শক্তি ও এনসিপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তাঁর ও আরও কয়েকজন নারী শিক্ষকের বিরুদ্ধে সাইবার বুলিং ও চরিত্রহনন চালিয়ে আসছে; এমনকি তাঁর ছয় বছরের মেয়ে ও মায়ের ছবি ব্যবহার করেও অপপ্রচার চালানো হয়েছে। এসব বিষয়ে প্রমাণসহ লিখিত অভিযোগ দিলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে তিনি জানান।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি অনুষ্ঠান থেকে বাদ পড়ার খবরও অস্বীকার করেছেন তিনি। তাঁর ভাষায়, “আমি নিজেই না করেছি, আয়োজকরা আমাকে কোনো সমালোচনার ভিত্তিতে বাদ দেয়নি, বিষয়টি গণমাধ্যমে ভিন্নভাবে প্রচার করা হয়েছে।” ওই অনুষ্ঠানে তাঁর বক্তব্যের বিষয় ছিল “ভাষায় নারী, লিঙ্গ ও ক্ষমতা”।
শিক্ষকের মতপ্রকাশের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী, কোনো শিক্ষকের ব্যক্তিগত মতামত প্রকাশের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন হস্তক্ষেপ করতে পারে না। যাদের এই ন্যূনতম জ্ঞান নেই, তারা কীভাবে রাজনীতি করে, তা বোধগম্য নয়।”
উল্লেখ্য, মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের সই করা অফিস আদেশে তাঁকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়; আদেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি। নতুন প্রভোস্টের দায়িত্ব পেয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফ। টকশোতে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে ২১–২২ নভেম্বর ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্র শক্তি তাঁর অপসারণের দাবিতে আন্দোলন করেছিল।
ছবি: ফাইল ছবি (সংগৃহীত)



