রাজধানীর মিরপুর এলাকায় অবস্থিত মিরপুর চিড়িয়াখানা-র সামনে থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম-কে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকেলে একদল ছাত্র-জনতা তাকে ঘিরে ধরে আটকে রাখে। পরে খবর পেয়ে শাহ আলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় লোকজন আগে থেকেই ফাহিমকে আটক করে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহিমকে এলাকায় দেখতে পেয়ে ক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে ঘিরে ফেলে। তার আগের বিভিন্ন কর্মকাণ্ড—বিশেষ করে জুলাইয়ের আন্দোলন ঘিরে অবস্থানের কারণে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়।
এদিকে, ঘটনাস্থলে অবস্থানকালে ফাহিম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মব’ তৈরি করে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, সত্য একদিন প্রকাশ পাবে এবং নিজের অবস্থানের বিষয়ে বিচার জনগণের ওপর ছেড়ে দিয়েছেন।