সাম্প্রতিক :

পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায়: ডিআইজি রেজাউল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের ঘুষ, তদবির বা দালালচক্রের প্রভাব বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক। তিনি বলেছেন, পুলিশে চাকরি পেতে টাকা লাগে—এমন ধারণা সম্পূর্ণ ভ্রান্ত এবং বিভ্রান্তিকর।

বুধবার (১৫ এপ্রিল) বয়রায় অবস্থিত রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ ও মেধাভিত্তিক রাখতে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও তুলে ধরেন তিনি।

ডিআইজি রেজাউল হক জানান, নিয়োগ ঘিরে দালালদের তৎপরতা ঠেকাতে পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কেউ অর্থের বিনিময়ে চাকরি নেওয়ার চেষ্টা করলে এবং তা তিন বছরের মধ্যে প্রমাণিত হলে তার চাকরি বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে প্রতারণার অভিযোগে কয়েকজন দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম প্রার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। বলেন, যোগ্যতা থাকলে এতিম ও অসহায় প্রার্থীরাই অগ্রাধিকার পাবে এবং তাদের জন্য কোনো তদবিরের প্রয়োজন নেই—মেধাই হবে একমাত্র বিবেচ্য বিষয়।

এবারের নিয়োগে তীব্র প্রতিযোগিতার চিত্র তুলে ধরে ডিআইজি জানান, খুলনা রেঞ্জে প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় ৪ হাজার ৬৬৫ জন প্রার্থী আবেদন করেছেন। কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্যপদ পূরণ করা হবে।

নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে তিনি বলেন, কোথাও অনিয়ম বা প্রতারণার তথ্য পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com