বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে কর্মরত স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের পড়াশোনার খরচের ৮৫ শতাংশ বহন করবে সরকার। বাকি ১৫ শতাংশ দিতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে।
গত ১৯ নভেম্বর অর্থ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ-লেভেল থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায় পর্যন্ত এই সুবিধা দেওয়ার কথা জানানো হয়। দেশভেদে ৮৪টি মিশনকে চারটি গ্রুপে ভাগ করে প্রথম ও দ্বিতীয় সন্তানের জন্য আলাদা হারে শিক্ষা ভাতা নির্ধারণ করা হয়েছে — সর্বোচ্চ সীমা দুই সন্তানের জন্য ৩৮ হাজার মার্কিন ডলার।
শর্ত অনুযায়ী, একজন কর্মকর্তা-কর্মচারী সর্বোচ্চ দুই সন্তানের জন্য এই সুবিধা পাবেন এবং ভাতার অর্থ সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের হিসাবে পাঠাতে হবে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
ছবি: প্রতীকী ছবি (সংগৃহীত)




