মাঠে শক্তি বাড়াতে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে পাঁচ শতাধিক নেতাকে আবার সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে, যাদের মধ্যে অন্তত ৮০-৮৫ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ৯১ জন নেতা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন; তাঁদের সমর্থন দেওয়ায় আরও তিন শতাধিক নেতাকর্মী বহিষ্কৃত হন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিরোধ মেটানো ও দলকে সুসংহত করতেই এই উদ্যোগ।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৭ নভেম্বর নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। বাকিদের বিষয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত আসবে।
ছবি: সংগৃহীত




