নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ মন্তব্যের জন্য এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছে ট্রাইব্যুনাল-১। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে সোমবার (২৩ নভেম্বর) আদালত অবমাননার অভিযোগটি নিষ্পত্তি করা হয়।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে সশরীরে হাজির হয়ে ফুয়াদ বলেন, ট্রাইব্যুনাল নিয়ে এমন কোনো বক্তব্য তিনি দেননি; গণমাধ্যমে তার কথা বিকৃতভাবে এসেছে। তিনি পুরো বিচারব্যবস্থা নিয়ে কথা বলতে চেয়েছিলেন এবং টিআইবির একটি প্রতিবেদন থেকে দুর্নীতির প্রসঙ্গ তুলেছিলেন।
ট্রাইব্যুনাল বলে, এ ধরনের বক্তব্য বড় ধরনের অপরাধ। আদালত অবমাননার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ডের কথা উল্লেখ করে ট্রাইব্যুনাল বলে, “আদালত অবমাননা করলে জেলে যেতে হয়।” একজন ব্যারিস্টারের কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করা হয়।
শুনানিতে ফুয়াদ নিজের মন্তব্যকে ‘স্লিপ অব টাং’ বলে অভিহিত করেন এবং ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার আশ্বাস দেন।
গত ২৮ অক্টোবর এক অনুষ্ঠানে ফুয়াদের ওই মন্তব্যের পর ১ নভেম্বর স্বপ্রণোদিতভাবে আদালত অবমাননার অভিযোগে তাকে তলব করে ট্রাইব্যুনাল। ডেঙ্গুতে আক্রান্ত থাকায় ৪ নভেম্বর হাজির হতে না পারায় তাকে ২৩ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।




