নিজস্ব প্রতিবেদক
কার্টুনিস্ট মেহেদী হকের আঁকা একটি ব্যঙ্গচিত্র ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ওই কার্টুনে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কপালে বন্দুক তাক করা দেখানো হয়েছিল।
বুধবার (২৫ নভেম্বর) ফেসবুক পোস্টে ফুয়াদ প্রশ্ন তোলেন, কপালে বন্দুক দেখিয়ে কী বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তিনি জানতে চান, তাঁকে কপালে গুলি করে হত্যাযোগ্য দেখানো হচ্ছে কি না।
ফুয়াদের দাবি, আওয়ামী লীগের লোকজন তাঁকে নিয়মিত হত্যার হুমকি দিচ্ছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, কার্টুনের এই চিত্র সেই হুমকিরই প্রতিফলন। তিনি প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক ব্যঙ্গচিত্রের নামে এ ধরনের চিত্রায়ণ সহিংসতাকে স্বাভাবিক করার চেষ্টা কি না।
বিতর্কের মুখে কার্টুনিস্ট মেহেদী হক পরে কার্টুনটি এডিট করে কপাল থেকে বন্দুকের ছবি সরিয়ে দেন। তিনি জানান, ভুল বোঝাবুঝি ও ভুল ব্যাখ্যার সুযোগ থাকায় তিনি ছবিটি আপডেট করেছেন।
তবে ফুয়াদ বলেছেন, শুধু এডিট করে বন্দুক সরিয়ে দিলেই হবে না। মেহেদীকে স্পষ্ট করে জানাতে হবে, কেন তিনি প্রথমে কপালে বন্দুক এঁকেছিলেন।




