নিজস্ব প্রতিবেদক
এক ভারতীয় মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকি এবং দেশে জ্বালাও-পোড়াও ও সহিংসতার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর ১০ নম্বর জোন।
মিছিলটি যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজলায় গিয়ে শেষ হয়। মিছিলে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে যাত্রাবাড়ী জোনের সভাপতি মুফতি আজহারুল ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যের পতন ঘটেছিল। তাঁর অভিযোগ, সেই পরাজয়ের পর আবার আওয়ামী ফ্যাসিবাদ ভারতকে সঙ্গে নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে।
ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশ আক্রান্ত হলে ভারত খণ্ড-খণ্ড হয়ে যাবে এবং ‘ইন্ডিয়া’ নামে আর কোনো দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে না। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের প্রতিটি অপরাধের বিচার হচ্ছে এবং হবে।
বিক্ষোভে প্রধান অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।




