নিজস্ব প্রতিবেদক
জাপান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে সম্মানিত সাংবাদিক, প্রথম আলোর টোকিও ব্যুরো প্রধান এবং ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব জাপানের (এফসিসিজে) সাবেক সভাপতি মনজুরুল হক আর নেই। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
দীর্ঘ কয়েক দশক জাপানে সাংবাদিকতা, লেখালেখি ও শিক্ষকতার মধ্য দিয়ে তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করেছেন। জাপান-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়ায় অবদানের জন্য ২০২৫ সালে তিনি জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সম্মাননা (Foreign Minister’s Commendation) পান। জাপানে কর্মরত কোনো বিদেশি সাংবাদিক হিসেবে তিনিই প্রথম এই সম্মাননা পেয়েছিলেন। এফসিসিজে সে সময় তাঁকে নিয়ে বিশেষ সংবর্ধনার আয়োজন করে। তাঁর স্মৃতিকথা ‘আমার জাপান জীবনের স্মৃতি’ সম্প্রতি পাঠকমহলে আলোচিত হয়েছে।
জাপানে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতার পথিকৃৎদের নিয়ে জাপান বাংলা প্রেসের প্রামাণ্যচিত্র ‘পথ দেখায় কেউ কেউ’-এর অংশ হিসেবে গত ২৭ সেপ্টেম্বর টোকিওর আকাবানে বিবিও হলে যে সম্মাননা অনুষ্ঠান হয়, সেখানে মনজুরুল হককেও সম্মাননা দেওয়া হয়। অসুস্থতার কারণে তিনি সেদিন উপস্থিত থাকতে পারেননি। কথা ছিল, তাঁর বাসায় গিয়ে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে এবং প্রামাণ্যচিত্রের জন্য তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের গল্প ক্যামেরায় ধারণ করা হবে। সেই ইচ্ছা আর পূরণ হলো না।
জাপান বাংলা প্রেসের সম্পাদক শোকবার্তায় বলেন, “কত কথা জানার ছিল তাঁর কাছে! কত ইতিহাস, কত অজানা অধ্যায় হয়তো জমা ছিল তাঁর বুকের ভেতর। মানুষ চলে যায়, কিন্তু তাঁর কর্ম, স্মৃতি ও অবদান থেকে যায়। তাঁর জীবন ও কর্মই আগামী প্রজন্মকে পথ দেখাবে। ‘পথ দেখায় কেউ কেউ’ প্রামাণ্যচিত্রে তাঁর অনুপস্থিতি আমাদের জন্য এক অপূরণীয় শূন্যতা হয়ে থাকবে।”
মনজুরুল হকের মৃত্যুতে জাপান বাংলা প্রেস পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।


