জ্বালানি তেলের সংকট মোকাবিলায় ঝিকরগাছা উপজেলায় চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকদের অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জরুরি সেবা ও পেশাগত কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান তেল সংকট ও চাহিদা বৃদ্ধির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ লাইন ও ভোগান্তি তৈরি হয়েছে। এতে অফিসগামী কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে সব ফিলিং স্টেশন মালিক ও ব্যবস্থাপকদের উদ্দেশ্যে বলা হয়েছে, তেল মজুদ থাকা সাপেক্ষে জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক, পুলিশ সদস্য, চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকদের জন্য আলাদা লাইন চালু করতে হবে অথবা অগ্রাধিকার ভিত্তিতে পরিচয়পত্র যাচাই করে জ্বালানি তেল সরবরাহ করতে হবে। একই সঙ্গে নির্দেশনাটি ফিলিং স্টেশনের দৃশ্যমান স্থানে প্রদর্শনের কথাও বলা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যেও ফিলিং স্টেশনগুলো নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সরবরাহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এজন্য মালিক ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছে উপজেলা প্রশাসন।
ইউএনও রনী খাতুন বলেন, সংশ্লিষ্ট পেশাজীবীরা বৈধ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তেল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি অপচয় রোধ, অপ্রয়োজনীয় মজুত বন্ধ রাখা এবং ন্যায্যমূল্যে তেল বিক্রি নিশ্চিত করতে পাম্প মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
মেটা বর্ণনা: যশোরের ঝিকরগাছায় তেল সংকটে চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকদের অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ দিয়েছে প্রশাসন।
ফোকাস কীফ্রেজ: ঝিকরগাছায় তেল সংকট