নিজস্ব প্রতিবেদক
নতুন ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে বুধবার (২৫ নভেম্বর) সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়; পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
সাভারে সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গাজীপুরে ইটপাটকেলে দুই পুলিশ ও চার আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাতজন সদস্য আহত হন।
বিক্ষোভের জেরে তিন জেলায় শতাধিক কারখানা বন্ধ বা সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শুধু সাভার-আশুলিয়ায় ৪১টি কারখানায় উৎপাদন বন্ধ থাকে, যার মধ্যে ২২টি শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
শ্রমিকদের প্রধান দাবি, ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকার বদলে ৩০ হাজার টাকা করা। পাশাপাশি সব গ্রেডে আনুপাতিক হারে মজুরি বৃদ্ধি এবং বাসা ভাড়া ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তাঁরা।
মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেড অনুযায়ী ১৭ হাজার থেকে ২১ হাজার ৫০০ টাকা পর্যন্ত নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
ছবি: সংগৃহীত




