নিজস্ব প্রতিবেদক
প্রশাসনের অনুমতি না থাকায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজার এলাকায় মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর পূর্বনির্ধারিত মাহফিল বন্ধ করে দিয়েছে পুলিশ। মাহফিলে বক্তব্য দিতে না পেরে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সড়কের পাশে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে এলাকা ছাড়েন তিনি।
জানা গেছে, শুক্রবার দুপুরে অলিরবাজারে মাহফিলটি হওয়ার কথা ছিল। তবে তাহেরীর আগমন ঘিরে বৃহস্পতিবার থেকে স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন এবং তাকে এলাকায় আসতে না দেওয়ার দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর দক্ষিণ থানা পুলিশ আয়োজক কমিটিকে মাহফিল বন্ধ রাখার অনুরোধ করে। শুক্রবার সকাল থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিকেল ৪টার দিকে তাহেরী এলাকায় পৌঁছে সড়কের পাশে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে দুই-চার মিনিট বক্তব্য দেন। তিনি বলেন, আয়োজক কমিটি অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েছিল; পুলিশে আবেদন করে এভাবে মাহফিল বন্ধ করে দেওয়া দুঃখজনক।
হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, অনুমতি ছাড়াই মাহফিলের আয়োজন করা হচ্ছিল এবং তাহেরী একজন বিতর্কিত বক্তা — এ কারণে স্থানীয়দের সঙ্গে তারাও প্রতিবাদ জানিয়েছেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, প্রশাসনের অনুমতি না থাকায় তাহেরীকে মাহফিল করতে দেওয়া হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




