নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের চুক্তি চূড়ান্ত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। কনসোর্টিয়ামে রয়েছে সুমিতোমো করপোরেশন, জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নিপ্পন কোয়ে ও নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন।
আগামী সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুক্তি সই হবে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত থাকবেন। গত ১০ নভেম্বর বেবিচকের বোর্ড সভায় চুক্তির শর্ত অনুমোদন করা হয়।
চুক্তি অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে — দুটি উড্ডয়ন (মালয়েশিয়া ও দুবাই রুটে পরিকল্পিত) এবং দুটি অবতরণ (থাইল্যান্ড ও সিঙ্গাপুর থেকে)। প্রায় ১৪ মাসের মধ্যে পুরোপুরি কার্যক্রম শুরু হবে। আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
টার্মিনাল প্রকল্পের ব্যয় শুরুতে ১৩ হাজার ৬১০ কোটি টাকা থাকলেও তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকায়। ২০২৩ সালের অক্টোবরে ৯৯ শতাংশের বেশি কাজ শেষে টার্মিনালটির সফট উদ্বোধন হয়েছিল।
কনসোর্টিয়াম এককালীন ছাড় ফি হিসেবে দেবে ৮১ লাখ ডলার (প্রায় ১০০ কোটি টাকা)। তবে বিদেশগামী যাত্রীদের এমবার্কেশন ফি বর্তমান ৫০০ টাকা থেকে বেড়ে ১২ দশমিক ৫০ ডলার (প্রায় ১ হাজার ৫৬০ টাকা) হতে পারে।




