নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদে শিক্ষার্থীরা ব্যারিস্টার ফুয়াদের কুশপুত্তলিকা তৈরি করে তাতে জুতা নিক্ষেপ করেন এবং বিভিন্ন ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন। তাঁর প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান তাঁরা।
সম্প্রতি এক বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ গোবিপ্রবির শিক্ষার্থীদের নিয়ে ‘অল্প শিক্ষিত ও আধা শিক্ষিত’, ‘চাষাভুষার পরিবারের ছেলে-পেলে’ ইত্যাদি মন্তব্য করেন বলে শিক্ষার্থীদের অভিযোগ।
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হাবিব বলেন, কৃষক ও সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় পড়াশোনা করে সেই মানুষদেরই ‘চাষাভুষা’ বলে অপমান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফুয়াদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানোর দাবি জানান তিনি।
আইন বিভাগের শিক্ষার্থী মেহেদী বলেন, এই বিশ্ববিদ্যালয় থেকে আটজন জজ ও প্রায় ১০ জন বিসিএস ক্যাডার হয়েছেন; শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষাও নিচ্ছেন। ফুয়াদের মন্তব্য তাঁর দলের সাম্য ও মর্যাদার নীতিরও লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি।



