মাগুরায় রাজনীতি নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুহুল মল্লিকের ওপর হামলা, বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। বর্তমানে তিনি গ্রেপ্তার অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় এ ঘটনা ঘটে।
রুহুল মল্লিক (৪০) মাগুরা পৌরসভার বরুনাতৈল গ্রামের বাসিন্দা আলি রেজা মল্লিকের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মাগুরা জেলা শাখার সাবেক সহ-সভাপতি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি রুহুল মল্লিক।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে তিনি গোপনে পারনান্দুয়ালী এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী শাহানাজ খাতুনের সঙ্গে দেখা করতে আসেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে বিকেল আনুমানিক ৫টার দিকে আওয়ামী লীগবিরোধী একটি চিহ্নিত গোষ্ঠী বাড়িটি ঘিরে ফেলে। একপর্যায়ে তারা পেট্রোল ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর চালায়।
ঘটনার সময় বাড়ি থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রুহুল মল্লিককে আটক করার উদ্যোগ নেয়। তবে পুলিশের উপস্থিতির মধ্যেই বিক্ষুব্ধ লোকজন বাড়ির ভেতরে ঢুকে তাকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে এবং সেখানে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
রুহুল মল্লিকের স্ত্রী শাহনাজ পারভীন সাংবাদিকদের জানান, সন্তানের অসুস্থতার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে তার স্বামী ভাড়া বাসায় আসেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাড়িটি ঘিরে ফেলে। তিনি অভিযোগ করেন, বাথরুমের ভেন্টিলেটর দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয় এবং পরে দরজা-জানালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে মারধর করা হয়। এ সময় তাকেও মারধরের শিকার হতে হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, বিক্ষুব্ধ জনতার হাত থেকে আহত অবস্থায় রুহুল মল্লিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।