জাপানের হোক্কাইদো প্রিফেকচারের সাপ্পোরো শহরে নেপালি সহকর্মীকে মারধরের অভিযোগে ৫০ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ জানায়, গত ১২ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটের দিকে সাপ্পোরোর কিতা ওয়ার্ডের কিতা ১৪-জো এলাকার একটি রেস্তোরাঁয় ওই বাংলাদেশি তাঁর ৩১ বছর বয়সী নেপালি সহকর্মীর মুখে খালি হাতে একবার ঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি।
ঘটনার চার দিন পর ১৬ নভেম্বর ভুক্তভোগী নিজে থানায় গিয়ে অভিযোগ করলে তদন্ত শুরু করে পুলিশ। পরে ২০ নভেম্বর সাপ্পোরো কিতা থানা পুলিশ সন্দেহভাজনকে গ্রেপ্তার করে।
এর আগে দুজনের মধ্যে কোনো বিরোধ বা অভিযোগের রেকর্ড ছিল না বলে জানিয়েছে পুলিশ। ঘটনার কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সূত্র: STV নিউজ, UHB নিউজ, FNN Prime Online
ছবি: প্রতীকী ছবি (সংগৃহীত)




