খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে (রাত সাড়ে ৩টার দিকে) এ ঘটনা ঘটে।
ঘটনার সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন সাদিক কায়েমের বাবা-মা। বিকট শব্দে জেগে উঠে তারা দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখেন। পরে প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। এতে হতাহত বা বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করেছে।
ঘটনার পর সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি পরিদর্শন করে পরিবারের খোঁজখবর নেন। খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে; দেয়ালে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার প্রাথমিক আলামত পাওয়া গেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
ছবি: সংগৃহীত




