নিজস্ব প্রতিবেদক
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের জন্য চালু করা বিআরটিসির পিঙ্ক বাস সার্ভিস প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না। গত আড়াই মাসে ১৪টি বাস পরিচালনায় লোকসান হয়েছে প্রায় ২৮ লাখ টাকা বলে শুক্রবার (২৭ নভেম্বর) জানিয়েছে সরকারি পরিবহন সংস্থাটি।
গত ১৮ আগস্ট ঢাকায় ১০টিসহ তিন শহরে মোট ১৪টি পিঙ্ক বাস চালু হয়। বাসগুলো সকালে নির্ধারিত স্টপেজ থেকে যাত্রী নিয়ে যাত্রা করে বিকেলে ফিরে আসে; দিনের বাকি সময় অধিকাংশ বাস ডিপোতে পড়ে থাকে।
বিআরটিসির হিসাব অনুযায়ী, টিকিট বিক্রির আয় থেকে জ্বালানি, টোল, কর্মীদের বেতন ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে আড়াই মাসে লোকসান দাঁড়িয়েছে ২৭ লাখ ৮৭ হাজার টাকার বেশি। প্রতিদিন আয় হচ্ছে প্রায় ৫০ থেকে ৫১ হাজার টাকা, বিপরীতে ব্যয় ছাড়িয়ে যাচ্ছে এক লাখ টাকা।
বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানান, দিনের নির্দিষ্ট সময় ছাড়া নারী যাত্রী পাওয়া কঠিন হয়ে পড়ছে, ফলে অধিকাংশ বাস ভর্তুকি দিয়ে চালাতে হচ্ছে। সারাদিন বিভিন্ন এলাকায় বাস চলাচলের ব্যবস্থা করা গেলে যাত্রী ও আয় দুটোই বাড়তে পারে বলে মনে করেন তিনি।
প্রচারণার ঘাটতির কথাও স্বীকার করেছেন বিআরটিসি চেয়ারম্যান। আগামী মার্চে বহরে আরও ৫০টি আধুনিক বৈদ্যুতিক বাস যুক্ত করার পরিকল্পনা রয়েছে; একই সময়ে সাধারণ যাত্রীদের জন্যও আসবে আরও ৫০টি বাস।




