নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে ৩৭ নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) মাহফিলস্থলে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আরএমপির মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছিলেন। মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে পকেটমারির ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছিল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এবং পকেটমারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান।
উল্লেখ্য, শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন শায়খ ড. মিজানুর রহমান আজহারী।




