নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত ঢাকা সফর স্থগিত হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সরকারি সফরে তাঁর ঢাকায় আসার কথা ছিল।
শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে সফরটি স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। মালয়েশিয়া সরকার সফর স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য পরিস্থিতি’র কথা বলেছে।
নির্ধারিত সফরে ঢাকায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসার কথা ছিল।
ঢাকা সফরের পর থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনাও স্থগিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরটি পারস্পরিক সুবিধাজনক সময়ে পুনর্নির্ধারণ করা হবে। নতুন তারিখ এখনো জানানো হয়নি।




