নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের স্বেচ্ছাচারী আটক বিষয়ক ওয়ার্কিং গ্রুপ সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদের আটককে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মত দিয়েছে। ওয়ার্কিং গ্রুপের মতে, তাঁদের আটকের কোনো আইনি ভিত্তি নেই; এটি মতপ্রকাশের স্বাধীনতার শান্তিপূর্ণ চর্চার ফল এবং তাঁদের সুষ্ঠু বিচারের অধিকার লঙ্ঘন করে।
একাত্তর টিভির সাবেক এই দুই সাংবাদিক স্বামী-স্ত্রী। ২০২৪ সালের ২১ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রান্সে যাওয়ার সময় তাঁরা গ্রেপ্তার হন। ছাত্র-জনতার আন্দোলনের সময় গার্মেন্টস শ্রমিক রুবেলের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। দুই বছরের বেশি সময় ধরে বিচারপূর্ব আটকে থাকা এই দম্পতির জামিন বারবার নাকচ হয়েছে; তাঁরা ৭৭০ দিনের বেশি সময় ধরে কারাবন্দি।
লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারসের আইনজীবীরা গত বছর জানুয়ারিতে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের কাছে অভিযোগ দেন। ওয়ার্কিং গ্রুপ পাঁচটি শ্রেণির মধ্যে চারটিতে—আইনি ভিত্তির অভাব, মতপ্রকাশের স্বাধীনতা, সুষ্ঠু বিচারের অভাব ও বৈষম্য—তাঁদের আটককে স্বেচ্ছাচারী বলে সিদ্ধান্ত দিয়েছে।
এদিকে ২০২৬ সালের মে মাস থেকে ফারজানা রূপার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পৃথক মামলা চলছে। তাঁর আইনজীবীরা বলছেন, এসব অভিযোগও তাঁর সাংবাদিকতার কাজের সঙ্গে সম্পর্কিত। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এই দম্পতির মুক্তির দাবি জানিয়ে আসছে।




