নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও এর কাঠামোর সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। তিনি বলেন, নিরাপত্তা পরিষদ সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে সদস্য রাষ্ট্রগুলো একমত হয়েছে; এখন কীভাবে সংস্কার করা যায়, সেই পথ খোঁজা হচ্ছে।
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর ফাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘ওয়ান অন ওয়ান’-এ তিনি এসব কথা বলেন।
জাতিসংঘের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, প্রায়ই বলা হয়— আজ যদি জাতিসংঘকে বিলুপ্ত করে দেওয়া হয়, তাহলে আগামীকাল আবারও একই ধরনের একটি সংস্থা গড়ে তুলতে হবে; এর কোনো বিকল্প নেই। তাই সংস্থাটির কার্যকারিতা বাড়ানো এবং মানুষের আস্থা পুনর্গঠনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
সাক্ষাৎকারে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা, আন্তর্জাতিক আইন ও নতুন মহাসচিব নিয়োগ প্রক্রিয়া নিয়েও কথা বলেন তিনি। তিনি জানান, নিরাপত্তা পরিষদে কোনো সদস্য ভেটো দিলে বিষয়টি সাধারণ পরিষদে আলোচনা হয়; চলতি বছর এমন দুটি আলোচনা তিনি আয়োজন করেছেন, যার উদ্দেশ্য নিরাপত্তা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা।
উল্লেখ্য, ১৯৪৫ সালের বাস্তবতায় গড়ে ওঠা কাঠামো দিয়ে আজকের বিশ্ব চলতে পারে না— এমন মন্তব্যও তিনি করেছেন বলে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে।

