রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা এক হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদ (৭০)-কে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
সোমবার (১৩ এপ্রিল) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক-এর আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন ২০২৪ চলাকালে ২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যাত্রাবাড়ীর শনির আখড়া গোবিন্দপুর বাজারসংলগ্ন আন্ডারপাসের নিচে জুবাইদ ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মামলার তদন্তে নুরুজ্জামান আহমেদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে বলে জানানো হয়।
এর আগে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর রাতে রংপুর নগরের জুম্মাপাড়া এলাকায় ছোট ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।