সকালে ঘুম ভাঙার পর প্রথম কাজটা কী করি, জানেন? ফোন হাতে নিই। মন তখন বলে, আরেকটু শুয়ে থাকো, জানালার পর্দাটা সরাও, বাইরের আলোটা একবার দেখো। আমি পর্দা সরাই না। আমি ইনবক্স খুলি।
এভাবেই রোজ শুরু হয় আমার আর আমার মনের টানাটানি।
অনেক দিন ধরে খেয়াল করছি, আমি আর আমার মন যেন দুজন আলাদা মানুষ। এক ছাদের নিচে থাকি, একই ভাত খাই, কিন্তু দুজনের রাস্তা আলাদা। মন চায় ধীরে চলতে, আমি দৌড়াই। মন চায় একটা দুপুর কোনো কাজ ছাড়াই কাটাতে — পুকুরপাড়ে বসে, কিংবা পুরোনো কোনো গান শুনে। আমি সেই দুপুরে তিনটা মিটিং রাখি, দুটো রিপোর্ট পাঠাই, আর ফাঁকে ফাঁকে ভাবি, আরেকটা কাজ ধরলে কেমন হয়।
মন চায় বাড়িতে লম্বা সময় নিয়ে ফোনে কথা বলতে। আমি বলি, “একটু পরে ফোন দিচ্ছি।” সেই একটু পর অনেক দিন আর আসে না। রাতে মনে পড়ে, ঘড়িতে তখন সাড়ে এগারোটা। ভাবি, এখন ফোন দিলে তো ঘুম ভেঙে যাবে। কাল দেব। কাল আবার সেই একই গল্প।
মন চায় লিখতে। কাগজে, কলমে, নিজের হাতের লেখায়। লিখি ঠিকই, তবে সেটা ইমেইল, প্রপোজাল আর বাজেট শিট। কোন লাইনে কোন শব্দ বসালে ক্লায়েন্ট খুশি হবে, সেই হিসাব। নিজের জন্য শেষ কবে দুই লাইন লিখেছি, মনে করতে পারি না। এই লেখাটা হয়তো অনেক দিন পর সেই দুই লাইন।
তাহলে কি মনের কথা শুনি না? শুনি। শুনি বলেই তো খারাপ লাগে। কিন্তু শোনার পর যা করার কথা, সেটা আর করা হয় না। কারণ মাথার ভেতর আরেকজন বসে আছে — একজন হিসাবরক্ষক। সে বলে, সামনের মাসের খরচ আছে, যারা তোমার ওপর ভরসা করে আছে তাদের কথা ভাবো। তার যুক্তি ফেলে দেওয়ার মতো না। মন তখন চুপ করে যায়। রাগ করে না, শুধু একটু দূরে সরে গিয়ে বসে।
প্রবাসে যাঁরা আছেন, তাঁরা এই টানাটানিটা হয়তো আমার চেয়েও ভালো বোঝেন। মন পড়ে থাকে দেশের বাড়ির উঠানে, শীতের সকালের খেজুরের রসে, ঈদের আগের রাতের হইচইয়ে। আর শরীর থাকে টোকিওর ভিড়ের ট্রেনে, কারখানার শিফটে, কনবিনির কাউন্টারের পেছনে। মন বলে, চলো ফিরে যাই। মানুষ ফেরে না, কারণ ফেরার আগে আরও কিছু জমাতে হবে, আরও কয়েকটা বছর। এই “আরও কয়েকটা বছর” কখন যে জীবনের বড় একটা অংশ হয়ে যায়, টেরই পাওয়া যায় না।
উপদেশ দিতে বসিনি। উত্তরটা আমার নিজেরও জানা নেই। তবে ইদানীং ছোট একটা চেষ্টা করছি। দিনে অন্তত একটা কাজ করি, যেটা শুধু মনের জন্য। খুব বড় কিছু না। কখনো দশ মিনিট হাঁটা, ফোনটা বাসায় রেখে। কখনো ছেলেবেলার কোনো বন্ধুকে হুট করে ফোন দেওয়া। কখনো চা হাতে জানালার বাইরে তাকিয়ে থাকা, কিছু না ভেবে।
প্রথম প্রথম অস্বস্তি লাগত। মনে হতো, সময় নষ্ট করছি। এখন মনে হয়, ওই দশ মিনিটই দিনের একমাত্র সময়, যখন আমি আর আমার মন পাশাপাশি বসি। কথা বলি না, শুধু বসে থাকি। ঝগড়াটা তখন একটু থামে।
মন যা চায়, তার সবটা হয়তো কোনো দিনই করা হবে না। জীবন ওভাবে চলে না। কিন্তু মনকে একেবারে ভুলে গিয়ে বাঁচলে একদিন হঠাৎ আয়নায় এমন একজনকে দেখব, যাকে আমি চিনি না। ভয়টা সেখানেই।
তাই ঠিক করেছি, আজ আর ল্যাপটপটা খুলব না। মেইল জমুক, কাজগুলো একটা রাত অপেক্ষা করুক। আজকের সন্ধ্যাটা শুধু মনের।
লেখক: জহিরুল ইসলাম
(মতামত লেখকের নিজস্ব)




