নিজস্ব প্রতিবেদক
নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে সরকারি গণগ্রন্থাগারের সামনে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখোশধারী এক যুবক স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রল ঢেলে গ্যাসলাইট দিয়ে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে।
পুলিশ জানায়, ভোরে টহলরত পুলিশ সদস্যরা স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন জ্বলতে দেখে দ্রুত তা নেভান। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুজন যুবক আগুন দিয়ে পালিয়ে যায়। জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত চালাচ্ছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নাটোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ শিশির। তিনি জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই রাতে নাটোর-বগুড়া মহাসড়কের বারুহাট এলাকায় যুবলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের খবরও পাওয়া গেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।




