নিজস্ব প্রতিবেদক
সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও তাঁর দুই ভাইকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে ডিবি প্রধান শফিকুল ইসলাম প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তাঁর দুই ভাই, যাঁদের একজনের নাম রেজাউল আলম শাহীন। অপর ভাইয়ের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে এই তিনজনকে আটক করা হয়েছে।
ডিবির অভিযোগ, পলাতক মনিরুল ইসলামের নির্দেশনায় দেশে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত ছিলেন সায়লা ফারজানা। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার ভোররাত আনুমানিক ৩টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান।
সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তাঁর স্বামী মনিরুল ইসলামকে ২০২৪ সালের ১৩ আগস্ট চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়; জুলাই গণ-অভ্যুত্থানের পর তিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।
এদিকে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মনিরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এজাহার অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিরা ২৩ কোটি ৩২ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন এবং তাঁদের নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত মোট ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। গত অক্টোবরে আদালত মনিরুল ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।




