নিজস্ব প্রতিবেদক
সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজ চলায় আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) সেখানে বিএনপির সমাবেশ হচ্ছে না। উদ্যানের পরিবর্তে সেদিন রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সমাবেশের মঞ্চ তৈরি হবে পল্টন কমিউনিটি সেন্টারের সামনে। মঞ্চ থাকবে পশ্চিমমুখী, অর্থাৎ বিজয়নগরের দিকে। রিজভী জানান, আগের ঘোষণা অনুযায়ী ১ ডিসেম্বর বেলা ২টায় সমাবেশের কার্যক্রম শুরু হবে।
এটি মূলত মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে বলে জানিয়েছে দলটি।
রিজভী বলেন, গত শুক্রবার সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু উদ্যানের বিন্যাস ও উন্নয়নকাজ চলায় সেখানে সমাবেশ করা সম্ভব হচ্ছে না। এ কারণে সমাবেশের স্থান পরিবর্তন করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজন করা হচ্ছে।
দলের চেয়ারম্যান তারেক রহমান বিজয় মাসের কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে পালনের নির্দেশনা দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান রিজভী। উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেবেন।




