প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত দাউদ আলী
পিঠা-পার্বণ, নবান্ন ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসে বাংলার ঐতিহ্যের মিলনমেলা
টোকিও, জাপান:
জাপানের রাজধানী টোকিওতে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে গ্রেটার খুলনা কমিউনিটি জাপানের (জিকেসিজে) নবম নবান্ন উৎসব ২০২৬।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী মান্যবর রাষ্ট্রদূত মো. দাউদ আলী।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত তাকিনোগাওয়া-নিশি কুমিন সেন্টারের ৬ষ্ঠ তলায় এ উৎসবের আয়োজন করা হয়।
বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ জীবনের অন্যতম অনুষঙ্গ নবান্ন উৎসবকে প্রবাসের মাটিতে উদ্যাপনের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হয়।
প্রধান অতিথি রাষ্ট্রদূত দাউদ আলীর উপস্থিতি অনুষ্ঠানকে বিশেষ মর্যাদা ও তাৎপর্য প্রদান করে। খুলনার সন্তান রাষ্ট্রদূত দাউদ আলী প্রবাসে বাংলাদেশের ঐতিহ্যবাহী উৎসবের এমন আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানের আকর্ষণীয় পর্বে ছিল ঐতিহ্যবাহী পিঠা-পার্বণ, নবান্ন ভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাঙালির লোকজ ঐতিহ্য, খাবার ও সংস্কৃতির নানা অনুষঙ্গের মধ্য দিয়ে প্রবাসীরা উপভোগ করেন বাংলার উৎসবমুখর পরিবেশ।
গ্রেটার খুলনা কমিউনিটি জাপানের সভাপতি জাকির হোসেন জোয়ার্দার এবং সাধারণ সম্পাদক তাফসির আহমেদ তুহিনের উদ্যোগে নবমবারের মতো এ উৎসবের আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,
জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলার শেকড় ও ঐতিহ্যের পরিচয় তুলে ধরতে নবান্ন উৎসবের মতো আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে।
একই সঙ্গে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলার ঐতিহ্যকে ধারণ করে গ্রেটার খুলনা কমিউনিটি জাপানের নবম নবান্ন উৎসব প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি ও সম্প্রীতির এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
জাপানের টোকিও থেকে, মাহবুবুর রহমান বাবু জাপান প্রতিনিধি
এটিএন বাংলা




